ইমরান খানকে হত্যা করা হয়েছে—এমন দাবি আফগান গণমাধ্যমের
ইমরান খানকে হত্যা করা হয়েছে—এমন দাবি আফগান গণমাধ্যমের
সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা, পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫;
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন কি না—গত কয়েক দিন ধরে এ নিয়েই জোর গুঞ্জন চলছে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের ভেতর ‘রহস্যজনক পরিস্থিতিতে’ তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, ইমরান খানকে জেলের ভেতর হত্যা করে তার মরদেহ গোপনে কারাগারের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। দুই দেশের বহু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও একই দাবি তুলে পোস্ট দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তার গ্রেফতারের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেলের সামনে হাজারো পিটিআই সমর্থক বিক্ষোভ করেছেন। ইমরানকে ঘিরে নানা জল্পনা এর আগেও উঠেছিল, তবে এবারের পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে।
পিটিআই-এর অভিযোগ, ইমরান খানের তিন বোন তাকে দেখার জন্য দীর্ঘদিন ধরে অনুমতি চাইছিলেন; এমনকি তারা রাওয়ালপিণ্ডি কারাগারের বাইরে টানা এক মাস অবস্থান কর্মসূচি পালন করেন। দলটির দাবি, ওই সময় পুলিশের হামলায় ইমরানের তিন বোনই মারাত্মকভাবে প্রহৃত হন। পুলিশের আচরণকে কেন্দ্র করে ইমরানের নিরাপত্তা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে।
ইমরানের বোনেরা ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের আইজিপির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: নিউজ ১৮

Comments
Post a Comment